বাংলাদেশে নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার হবে না :কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গতকাল শনিবার টাঙ্গাইলে সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশে কোনো নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার হবে না, সংবিধানের আলোকে নির্বাচন হবে। একই দিন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ভোলায় এক সভায় বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে আর লাভ নেই, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগ সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন              অনুষ্ঠিত হবে।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক  বলেছেন,  বাংলাদেশের যে কোনো নির্বাচন করবে নির্বাচন কমিশন। সেটি সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছে। বাংলাদেশে কোনো নিরপেক্ষ সরকার হবে না। কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামী দিনের নির্বাচন হবে।

কৃষিমন্ত্রী শনিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচনের দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশনের উপরে কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী, কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে নিয়ন্ত্রণ করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনী স্বাধীনভাবে কাজ করতে পারবে। এর ফলে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘নির্বাচনের এখনো আড়াই বছর বাকি রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। কিন্তু তাদের সঙ্গে জনগণ নেই।

চন্দ্রিমা উদ্যানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশের ব্যাপারে আব্দুর রাজ্জাক বলেন, এটি নিয়ে ভুল বুঝাবুঝি রয়েছে। সত্য উদ্ঘাটন হচ্ছে। মন্ত্রী বলেন, বাংলাদেশে আজকে খাদ্যের কষ্ট ও হাহাকার নেই। করোনা মহামারির মধ্যেও জীবন ও জীবিকাকে সমন্বয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি সুন্দর অবস্থানে রেখেছেন। যার কারণে দেশে বিপর্যয় আসেনি।

এরপর তিনি শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যানে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীর বিক্রমের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন

দেখে লাভ নেই: তথ্য মন্ত্রী

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘বিএনপি বলছে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না। কিন্তু নির্বাচন কোনো সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যায়। তত্ত্বাবধায়ক সরকারের সেই স্বপ্ন দেখে বিএনপির আর লাভ নেই। বাংলাদেশে রাত ১২ টার পর যারা গরম গরম কথা বলে টেলিভিশনের পর্দা গরম করে, তাদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার কখনো হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগ সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শনিবার বিকালে সাবেক এমপি ও প্রাজ্ঞ রাজনীতিবিদ অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভোলার চরফ্যাশনে বজ গোপাল টাউন হলে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, ‘আজকে বাংলাদেশ বদলে গেছে। খালি পায়ে, ছেঁড়া কাপড়ে মানুষ দেখা যায় না। কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না। এ বদলে যাওয়া কোনো জাদুর কারণে হয়নি। এটি হয়েছে শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে।’