তৃণমূলে যোগ দিলেন মোদির সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়

বিজেপির লোকসভার এমপি, সাবেক মন্ত্রী তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে গতকাল শনিবার কলকাতায় তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। কিছু দিন আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে মন্ত্রিত্ব হারান তিনি। এরপর তিনি রাজনীতি ছাড়ারও ঘোষণা দিয়েছিলেন। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ এমপি পদে থাকতে রাজি হন। কিন্তু হঠাত্ করেই গতকাল তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে আরেকটি বড় ধাক্কা খেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে।     তৃণমূলে যোগদানের পর সাংবাদিক সম্মেলনে বাবুল সুপ্রিয় বলেন, ?আমি কাজ পাগল মানুষ। পশ্চিমবঙ্গের জন্য কাজ করতেই সিদ্ধান্ত বদল করেছি। এর মধ্যে প্রতিহিংসার কিছু নেই। পশ্চিমবঙ্গের জন্য কাজ করার এই সুযোগ ছাড়তে চাইনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, আসানসোলের এমপি পদ থেকেও পদত্যাগ করবেন। দল চাইলে ভবানীপুর আসনের উপনির্বাচনে মমতা ব্যানার্জির হয়ে তিনি প্রচারণায় যেতে পারেন। আগামীকাল সোমবার তিনি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করবেন। সূত্র জানায়, বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় মনোনীত প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এমপি ও মুখপাত্র সৌগত রায় বাবুলকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটাই প্রমাণ করে, কেউ বিজেপি করতে চাইছেন না। 

উল্লেখ্য, কয়েক দিন আগে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচারের জন্য বাবুল সুপ্রিয় নাম ঘোষণা করেছিল বিজেপি। বাবুল প্রচারে আসতে রাজি হননি। তিনি যে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, তার কোনো আগাম খবর ছিল না। তার এই যোগদানে হতবাক পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। এ প্রসঙ্গে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ?আমি কিছু বলব না। যা বলার দিল্লি থেকে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব বলবে। দলের মুখপাত্র সাংবাদ সম্মেলন করে বলবেন। প্রসঙ্গত, দিলীপ ঘোষের সঙ্গে মন কষাকষির কারণেই বাবুল সুপ্রিয় পশ্চিমবঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন। মন্ত্রিত্ব থেকে বাদ পড়ার পর সেই দূরত্ব আরো বাড়ে।