গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছোট ভাই আরিফুল ইসলামের লাঠির আঘাতে গুরুতর আহত বড় ভাই মো. শহিদুল ইসলাম (৪০) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে আরিফুল লাঠি দিয়ে তাকে বেদম মারপিট করে। নিহত শহিদুল ইসলাম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সেরাজুল হক জানান, পারিবারিক বিষয় নিয়ে আরিফুল ইসলামের সঙ্গে তার মায়ের ঝগড়া লাগলে বড় ভাই শহিদুল ইসলাম তাকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে আরিফুল লাঠি দিয়ে শহিদুলকে বেদম মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।