বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বুড়িগঙ্গা নদী থেকে রবিবার দুপুরে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ বছর বয়সি এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তার পরনে ছিল লাল পায়জামা। পরিচয়ের জন্য বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠানো হেয়েছে। সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম সর্দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বুড়িগঙ্গা নদীর ঢাকা জুট মিলের কাছ থেকে ঐ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। নৌ-পুলিশের এস আই শহিদ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। পুলিশ জানায়, লাশটি অর্ধগলিত থাকায় তার শরীরের কোনো আঘাত শনাক্ত করা যায়নি। লাশটি প্রায় পাঁচ-ছয় দিন ধরে পানিতে ছিল বলে পুলিশের ধারণা। এ ব্যাপারে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।