দর হারানোর শীর্ষে ৮০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ড

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৪৪টির বা ৬৪ দশমিক ৮৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল ডিএসইর টপটেন লুজার তালিকায় ৮০ শতাংশই মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানিগুলোর দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় ১০টি কোম্পানির মধ্যে আটটি বা ৮০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি রয়েছে। বাকি দুটি বা ২০ শতাংশ রয়েছে পেপার খাতের দখলে। লুজারের শীর্ষে রয়েছে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আগের দিন ফান্ডটির ইউনিট দর ছিল ৭ টাকায় গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৬ দশমিক ৩০ টাকায়। টপটেন লুজার তালিকায় মিউচ্যুয়াল ফান্ডের অন্য কোম্পানিগুলোর মধ্যে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৮৫ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৭২ শতাংশ, ট্রার্স্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৪৫ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ২৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ০৯ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৮৬ শতাংশ এবং আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮ দশমিক ৫৭ শতাংশ কমেছে। এছাড়া টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য দুই কোম্পানির মধ্যে পেপার প্রসেসিংয়ের ৮ দশমিক ৭৪ শতাংশ ও মনোস্পুল পেপারের শেয়ার দর ৮ দশমিক ৭১ শতাংশ কমেছে।