জাকির হোসেন লুলু, চট্টগ্রাম অফিস
দীর্ঘ দেড় বছর পর বন্দরনগরী চট্টগ্রামের প্রিমিয়ার ফুটবলের দামামা বেজে উঠেছে। ২৭ সেপ্টেম্বর লিগ শুরুর দিনক্ষণ চূড়ান্তভাবে নির্ধারণ হয়েছে। চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে খেলবে ১০টি দল। বর্তমান চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাব, সিটি করপোরেশন একাদশ, মোহামেডান স্পোর্টিং ব্লুজ, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, মাদারবাড়ি উদয়ন সংঘ, বিসিআইসি ক্রীড়া সংসদ ও চট্টগ্রাম জেলা পুলিশ দল সরাসরি লিগ ভিত্তিতে খেলবে। প্রত্যেক দলে ২৫ জন করে ২৫০ জন ফুটবলার এবারের লিগে খেলার সুযোগ লাভ করেছেন।
দীর্ঘদিন পর ফুটবল লিগ শুরুর ঘোষণায় খেলোয়াড়দের মধ্যে চাঞ্চল্য এসেছে। গত ৯ সেপ্টেম্বর শেষ হয়েছে পাঁচ দিনের দলবদল কার্যক্রম। মাত্র ২৭ জন খেলোয়াড় পুরাতন ঠিকানা ছেড়ে নতুন ঠিকানায় এসেছেন। ঘর গোছানোর কাজ শেষ করে লিগে অংশগ্রহণকারী প্রত্যেকটি দল নেমে পড়েছে প্রস্তুতিতে। জোরেশোরেই চলছে দলগুলোর প্রস্তুতি। পালাবদল করে খেলোয়াড়েরা ঘাম ঝড়াচ্ছেন ফুটবল অনুশীলনে। শক্তির তারতম্যে প্রত্যেকটা দল সমানে সমান। তবে কাস্টমস স্পোর্টস ক্লাব, সিটি করপোরেশন একাদশ, মোহামেডান ব্লুজ, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির অনুশীলন তত্পরতা ও ভালো খেলোয়াড় সংগ্রহের কারণে মনে করা হচ্ছে এই দলগুলো ফাইটিং দলে পরিণত হবে। বরাবরের ন্যায় এবারের লিগেও এ দলগুলো খেলবে স্থান নির্ধারণীর জন্য।
কাস্টমস স্পোর্টস ক্লাবের কোচের দায়িত্বে রয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার আনোয়ার হোসেন। তার তত্ত্বাবধানে গতবারে লিগ চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাবের চোখ এবারেও শিরোপা ট্রফির দিকে। সে ধরনের লক্ষ্য নিয়ে তারা অভিযান শুরু করবে এমন প্রত্যাশা কোচ আনোয়ার হোসেনের। আরেক জাতীয় দলের সাবেক খেলোয়াড় জাহাঙ্গীর মিন্টুর তত্ত্বাবধানে রয়েছে সিটি করপোরেশন একাদশ। গতবারের রানার্সআপ দলটি এবারের লিগে শিরোপা ট্রফি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাবে। চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক সময়ের কৃতী ফুটবলার নাসির উদ্দিন দায়িত্ব নিয়েছেন মোহামেডান ব্লুজ দলের। তার প্রত্যাশা মোহামেডান ব্লুজ মাঠে নৈপুণ্যের স্বাক্ষর রেখে লিগে ভালো ফলাফল করবে। চট্টগ্রাম জেলা দলের এক সময়ের গোলরক্ষক আবু সরোয়ার চৌধুরীর তত্ত্বাবধানে ব্রাদার্স ইউনিয়ন প্রস্তুতি শুরু করেছে অনেক আগে থেকেই। তাদেরও প্রত্যাশা লিগে ব্রাদার্স ইউনিয়ন একটা কিছু করবে।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের প্রস্তুতি চলছে ঢাকা ব্রাদার্স ইউনিয়নের সাবেক অধিনায়ক দেবাশীষ বড়ুয়া দেবুর তত্ত্বাবধানে। দলটি মধ্যমানের। শিরোপা নয়, ভালো খেলা তাদের আশা। ধারাবাহিকতা বজায় থাকলে চ্যাম্পিয়নশীপ অর্জন কোনো ব্যাপার না জানালেন কোচ দেবাশীষ বড়ুয়া। অন্যান্য দলের তুলনায় সুযোগ-সুবিধায় এগিয়ে থাকা দল বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি মাঠে নামবে লিগের শিরোপা জয়ের জন্য। জাতীয় দলের সাবেক ফুটবলার এজাহারুল হক টিপুর তত্ত্বাবধানে এই দল আগে একবার চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা লাভ করেছিল। ফাইটিং দলগুলোর পাশাপাশি লিগের অন্য দলগুলো লড়াই করবে লিগে টিকে থাকার জন্য। তবে দলগুলোর প্রস্তুতি শেষে মাঠের লড়াইয়ের পূর্বে বলা যাবে না কোন দলটাই সেরা। মাঠের লড়াই না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে কর্মকর্তা, কোচ, খেলোয়াড় ও সর্বোপরি ফুটবলপ্রেমীদের।