‘আমরা একটা বিশ্বকাপ জিতে আসতে পেরেছি, এবার মূল বিশ্বকাপ, ইনশাআল্লাহ আমরা
আশাবাদী আমরা
ভালো কিছু আনবো।’
স্পোর্টস রিপোর্টার
ক্রিকেটের খুদে সংস্করণে লোয়ার মিডল অর্ডারে দ্রুত রান তোলা, বিস্ফোরক ব্যাটিংয়ের দক্ষতা সম্পন্ন কাউকে খুঁজছিলেন নির্বাচকরা। ঘরোয়া ক্রিকেটে সমাধান হয়ে ধরা দিলেন যুব বিশ্বকাপ জয়ী শামীম হোসেন পাটোয়ারি। জিম্বাবুয়ে সফরে অভিষেকেই ব্যাটের ধার দেখিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের তপ্ত জমিনের উত্তাপ গায়ে লেগেছে শামীমের, মধুচন্দ্রিমার সময়টা পার হতেই তার ব্যাটের হাসি মলিন হয়ে উঠেছে।
ঘরের মাঠে অপেক্ষাকৃত শক্তিশালী বোলিং লাইনের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ইনিংসে দুই অঙ্কের ঘরই পার হতে পারেননি শামীম। আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে রাখা হয়েছে এ তরুণ তুর্কিকে। তার প্রতি সমর্থকদের প্রত্যাশাও অনেক। যদিও বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজের অনেক চ্যালেঞ্জ দেখছেন শামীম। বিশ্ব নন্দিত ক্রিকেটার, শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে লড়তে হবে তাকে। গতকাল তরুণ এ অলরাউন্ডার বলেছেন, দেশের জন্য ভালো কিছু করতে চান। পাশাপাশি বিশ্বকাপকে নিজের শেখার ক্ষেত্রও মনে করছেন তিনি।
মাত্র তিন সিরিজ খেলেই বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন শামীম। যুব বিশ্বকাপ জয়ের দুই বছরের মধ্যেই সিনিয়র ক্রিকেটের বিশ্বকাপেও নাম উঠল তার। তাকে ঘিরে তৈরি হওয়া প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে কঠিন বাস্তবতাকেই স্মরণ করলেন শামীম। গতকাল বলেছেন, ‘এটা অনেক বড় একটা মঞ্চ। এখানে বিশ্বমানের অনেক খেলোয়াড় থাকবে। আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে।’
প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়ে নিজের লক্ষ্য জানাতে গিয়ে ২১ বছর বয়সি এ ক্রিকেটার বলেছেন, ‘যেহেতু বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছি সবারই আশা থাকে দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। এবার আমি প্রথম বার সুযোগ পেয়েছি, এখনো সেভাবে তেমন কিছু চিন্তা করিনি। আমি টিমের সঙ্গে যেতে পারছি এটাই আমার কাছে বড় কিছু। জুনিয়র হিসেবে দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’ বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে শামীমের, গত বছর যুব ক্রিকেটে ট্রফি জয়ের এই অভিজ্ঞতা চাঙ্গা করছে তাকে। গতকাল বলেছেন, ‘আমরা একটা বিশ্বকাপ জিতে আসতে পেরেছি, এবার মূল বিশ্বকাপ, ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা ভালো কিছু আনবো।’
দুর্দান্ত ফিল্ডার হলেও ব্যাটিংয়ে শামীমের সার্ভিস গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের। সেই দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, ‘এটা বিশ্বকাপ ভালো ভালো খেলোয়াড়রা থাকবেন, বিশ্বমানের বোলাররা থাকবেন, আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ।’