উত্থানে ফিরলেও লেনদেন দুই মাসে সর্বনিম্ন

 শেয়ারবাজার

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম কার্যদিবসে পতন হলেও গতকাল সোমবার উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। গতকাল শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানেরে শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন দুই মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

ডিএসইতে গতকাল ১ হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা এক মাস ২২ দিন বা ৩২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৯ জুলাই আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ঐ দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫২১ কোটি ৩১ লাখ টাকার। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭২০৫ দশমিক ৮২ পয়েন্টে। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ দশমিক ২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১৫৭০ দশমিক শূন্য ৮ পয়েন্টে এবং ২৬৬১ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে গতকাল ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৪টির বা ৪৬ দশমিক ৫৩ শতাংশের, দর কমেছে ১৬৩টির বা ৪৩ দশমিক ৫৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির বা ৯ দশমিক ৮৯ শতাংশের।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮০ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১০৬৩ দশমিক ৩৭ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩২৫টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৫টির দর বেড়েছে, কমেছে ১২৯টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। আর লেনদেন হয়েছে ৭৫ কোটি ৭৬ লাখ টাকার সিকিউরিটিজ।