বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার চালু

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

মহামারি করোনার কারণে দেড় বছর পর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত শুরু করেছেন পাসপোর্টধারী যাত্রীরা। সোমবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্যুরিস্ট ভিসা বাদে অন্য সব ভিসায় বাংলাবান্ধা দিয়ে যাত্রী পারপার হচ্ছে। বিকাল ৫টা পর্যন্ত দুই দেশের মধ্যে চলবে মানুষ পারাপার। এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়ার খবর পেয়ে স্বস্তি মিলেছে ভারতে চিকিত্সা নেওয়া কয়েক জন রোগীর। এদের মধ্যে শহীদুল ইসলাম শহীদ জানান, চেকপোস্ট বন্ধ থাকায় ভারতে চিকিত্সা নিতে পারছিলাম না। দীর্ঘদিন ধরে রোগে ভুগছি। চেকপোস্ট খুলে দেওয়ায় ভারতে গিয়ে চিকিত্সা সেবা নিতে পারব। বাংলাবান্ধা ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকার পর সোমবার থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার শুরু হয়েছে। প্রথম দিনে দুপুর পর্যন্ত ছয় জন যাত্রী পারাপার হয়েছে।