স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় আহত প্রকৌশলী হাবিবুর রহমান (৪৮) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রকৌশলী হাবিবুর রহমান নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের খেজুরতলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তিনি রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর লাইন ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বামনদীঘির সামনে একটি ট্রাক উলটে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী প্রকৌশলী হাবিবুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যাওয়া ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এর নিচে চাপা পড়া হাবিবুর রহমান রাতে চিকিত্সাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।