লোভ-লালসায় বেপরোয়া হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, লোভ-লালসায় যারা বেপরোয়া তারা বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি করে যাচ্ছে। তাই প্রত্যেক সেক্টরে সতর্ক থাকতে হবে। গতকাল সোমবার সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো বলেন, ‘জীবনকে উপভোগ করতে কত টাকা, কত সম্পদ দরকার? মৃত্যুর পরে তো এ সম্পদ সঙ্গে নিতে পারবেন না, তখন এসব সম্পদের কী হবে?’

বিআরটিসির মতো সেবা প্রতিষ্ঠানে দুর্নীতি যাতে বাসা বাঁধতে না পারে সেদিকে কঠোর নজর দেওয়ার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দুর্নীতির বিষয়ে শেখ হাসিনার সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে, সুতরাং যে কোনো মূল্যে বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। ওবায়দুল কাদের বলেন, বিগত সরকারের সময়ে বিআরটিসি ছিল দুর্নীতির আখড়া। দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,           সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েও তদন্ত করতে পারেন, এতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না,  কোন দুর্নীতি থাকলে ব্যবস্থা নিন।

ওবায়দুল কাদের বলেন, ‘নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে সংবিধানসম্মতভাবেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ও নির্বাচনি পরিবেশ বিনষ্টের জন্য বিএনপি প্রস্তুতি শুরু করেছে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের আইন আদালতের তোয়াক্কা না করে মনগড়া কথা বলাই বিএনপির স্বভাব। ভাবনায় এবং চর্চায় বিএনপির একমুখী দর্শন তাদের রাজনৈতিক অস্তিত্বের শেকড়কে দিন দিন দুর্বল করছে। গত ১৩ বছর বিএনপির আন্দোলন করার নিষ্ফল আহ্বান যেমনি ব্যর্থ হয়েছে, বর্তমান প্রয়াসও নিষ্ফল হবে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পর ধানমন্ডি এলকায় চক্রাকার বাস সেবা পুনরায় চালুরও প্রস্তুতি রয়েছে।