পিরোজপুরে ১১৫ কোটি টাকার একটি সেতু নির্মাণের কার্যাদেশ মাঝপথে বাতিল করে দিয়েছে এলজিইডি। এক সপ্তাহ আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এলজিইডির পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী এ প্রকল্পটির নির্মাণকাজ বাতিলের আদেশ দেন।
নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সত্তার জানান, ২০১৮ সালের প্রথমার্ধে শুরু হয়ে ২০২০ সালের শেষে সেতুটির নির্মাণ সম্পন্নের মেয়াদ ছিল। মাঝে প্রায় দুই বছর কাজ বন্ধ ছিল। কাজে স্থবিরতা নিয়ে এলজিইডি ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপত্র বাতিলের আগে এ নির্মাণকাজ শেষ করতে ১০ বার লিখিত ও পাঁচ বার মৌখিক তাগিদ দেয়। তাতেও কাজ না হওয়ায় গত ৯ সেপ্টেম্বর নির্মাণকারী প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন লিমিটেডকে কার্যাদেশ বাতিলের পত্র দেওয়া হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পের অধীনে এ বাতিলকৃত কাজের শিরোনাম ছিল ‘পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন জগন্নাথকাঠী-চাঁদকাঠী রাস্তায় কালীগঙ্গা নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ নির্মাণ’। কাজ শুরুর তারিখ ছিল ২০১৮ সালের ৬ মে। শেষ করার মেয়াদ ছিল ২০২০ সালের ৬ নভেম্বর। কিন্তু নদীর দুই তীরে কিছু পাইল বসানো ছাড়া আর কোনো কাজ গত চার বছরে সম্পন্ন হয়নি। পিরোজপুর জেলা শহরের সঙ্গে গুরুত্বপূর্ণ উপজেলা স্বরূপকাঠির (নেছারাবাদ) বাসিন্দাদের যাতায়াত সহজ করতে ২০১৬-২০১৭ সালে এ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সদর উপজেলার কলাখালী ও নেছারাবাদের চাঁদকাঠি খেয়াঘাট লাগোয়া কালীগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের স্থান নির্বাচন করে এলজিইডি দরপত্র আহ্বান করে। দেশের শীর্ষ স্থানীয় কনস্ট্রাকশন কোম্পানী ‘নাভানা কনস্ট্রাকশন লিমিটেড’ কার্যাদেশ পেয়ে সেতু নির্মাণের কাজ শুরু করায় মানুষের মধ্যে ব্যাপক আশার সৃষ্টি হয়।
এ ব্যাপারে ‘নাভানা কনস্ট্রাকশন লিমিটেডে’র সিনিয়র ম্যানেজার খালিদ মাহমুদ বুলবুল ইত্তেফাককে বলেন, কার্যাদেশ বাতিলের চিঠি তাদের কোম্পানি পেয়েছে। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সত্তার জানান, পিপিআর (পাবলিক প্রকিউরমেন্ট রুলস) অনুযায়ী এ নির্মাণ প্রকল্পের কার্যাদেশ বাতিল করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর যৌথ পরিমাপ করে সাবেক ঠিকাদারদের দেনা-পাওনার হিসাব চূড়ান্ত করা হবে। এরপর নতুন দরপত্র আহ্বান করে উক্ত সেতু নির্মাণকাজ পুনরায় শুরু হবে বলে তিনি জানান।