পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ ক্লাইমেট ভালনারিবিলিটি ফোরাম (সিভিএফ) এবং ভালনারেবল-২০-এর সভাপতি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সিভিএফের প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামগ্রিক সমৃদ্ধির লক্ষ্যে ‘মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান’ ঘোষণা করেছেন। গতকাল সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মান অ্যাম্বাসেডর অচিম ট্রস্টার সৌজন্য সাক্ষাত্ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন এবং জলবায়ু পরিবর্তন অনুবিভাগের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক উপস্থিত ছিলেন।
এ সময় জার্মান অ্যাম্বাসেডর অচিম ট্রস্টার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সংশ্লিষ্ট সব কার্যক্রমে এবং বাংলাদেশে চলমান উন্নয়নে জার্মানির সহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে। বাংলাদেশকে জার্মানির অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে রাষ্টদূত বলেন, পারস্পরিক আলাপ-আলোচনা ও চাহিদার ভিত্তিতে এ সহযোগিতা প্রদান করা হবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে জার্মান রাষ্ট্রদূত বলেন, প্যারিস জলবায়ু চুক্তি ও গ্রিন ক্লাইমেট ফান্ডের মাধ্যমে জার্মান তার সহযোগিতা চালিয়ে যাবে। —প্রেসবিজ্ঞপ্তি