গাজীপুরে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

গাজীপুরে স্ত্রীকে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাজীপুর পিবিআই। সোমবার সকালে গাজীপুরের মৌচাক থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম রাজু আহমেদ (৩১)। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার পাঁচবাড়িয়া গ্রামের মো. আবু বকরের ছেলে। নিহত নারীর নাম জরিফুল (৩৫)। গ্রেফতারকৃত রাজুকে সোমবার বিকালে গাজীপুর আদালতে পাঠানো হলে তিনি স্ত্রীকে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গত ১৬ সেপ্টেম্বর ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পিবিআই ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করেন। পরে তার আত্মীয়দের খবর দেয় পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মো. সুজা মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি মামলা করেন।

রাজু সফিপুর পল্লী বিদ্যুত্ এলাকায় লিবার্টি গার্মেন্টসে ডায়িং বিভাগে চাকরি করেন এবং জরিফুল মৌচাক নিট কারখানায় চাকরি করতেন। ২০০৭ সালে প্রেম করে বিয়ে করেন তারা। তাদের আট বছরের একটি কন্যা সন্তান গ্রামের বাড়িতে থাকে। রাজু তার স্বীকারোক্তিতে জানান, ১৫ সেপ্টেম্বর দুপুরের খাবারের বিরতিতে জরিফুলকে কৌশলে মাস্টারবাড়ী ভাওয়াল জাতীয় উদ্যানে নিয়ে এসে নির্জন জায়গায় এনে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।