পাওনা টাকা চাওয়ায় চাঁদপুরে মিষ্টি ব্যবসায়ী খুন

চাঁদপুর শহরে মিষ্টি বিক্রি করতেন নারায়ণ চন্দ্র ঘোষ। প্রতিবেশী সেলুনকর্মী রাজু চন্দ্র শীল এক দিন তার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। সেই টাকা চাইতে গেলে দুই জনের মধ্যে ঝগড়া হয়। এরই একপর্যায়ে ক্ষুর দিয়ে নারায়ণ চন্দ্রকে হত্যা করে রাজু।

গত ১৬ সেপ্টেম্বও রাতে চাঁদপুর শহরে বিপণীবাগ মর্কেটে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে ঘটনার পাঁচ দিন পর গত রবিবার দিবাগত রাতে সিলেট থেকে রাজু চন্দ্রকে গ্রেফতার করে এমন তথ্য জানতে পেরেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল সোমবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, গত ১৬ সেপ্টেম্বর রাতে চাঁদপুর শহরের বিপণীবাগ মার্কেটের পৌর পানির পাম্পের স্টাফ রুমের পাশ থেকে মিষ্টি ব্যবসায়ী নারায়ণ চন্দ্র ঘোষের (৬০) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। তিনি বিভিন্ন দোকানে দই-মিষ্টি সরবরাহ করতেন। তাকে হত্যার ঘটনায় গ্রেফতার রাজু একটি সেলুনে কাজ করত। নারায়ণ চন্দ্র তাকে ২০ হাজার টাকা ধার দিয়েছিলেন। গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণ সেই টাকা চাইতে গেলে সেলুনের ভেতরে দুই জনের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে রাজু নারায়ণের গলায় ক্ষুরের পোঁচ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর নিহতের পরিবার সংশ্লিষ্ট থানায় রাজু চন্দ্র শীলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।