বিএসইসির লোকসানি প্রতিষ্ঠানগুলো লাভজনক করতে উপায় খুঁজতে হবে :শিল্পমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীন শিল্পপ্রতিষ্ঠানসমূহকে লোকসান কমিয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর পন্থা খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারে বিএসইসি আয়োজিত দুই দিনব্যাপী ব্যবসা উন্নয়ন সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন। সম্মেলনে বিএসইসির শিল্পপ্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালকগণ অংশগ্রহণ করেন।

বিএসইসির চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঞার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজুল আমীনসহ মন্ত্রণালয় ও বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ করতে চাই না। কারণ এর সাথে কর্মসংস্থানের বিষয় জড়িত। কাজেই নতুন নতুন বিনিয়োগ আনতে হবে এবং প্রকল্প  নিতে হবে। কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে।’ তিনি আরো বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ৬২টি শিল্পপ্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয়। তা কমতে কমতে বর্তমানে ৯টি প্রতিষ্ঠান টিকে আছে।