২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরো ২৪৬ ডেঙ্গু রোগী

ইত্তেফাক রিপোর্ট

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরো ২৪৬ রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীর হাসপাতালে ২১১ ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৫ রোগী ভর্তি হন। এ নিয়ে সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ১ হাজার ৩১।

তাদের মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৮৩৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ১৯৫ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার  পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬ হাজার ২২২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ১৩২ জন।