ইত্তেফাক রিপোর্ট
দেশের ৬৮টি কারাগারে এখনো ২৯ চিকিত্সকের পদ খালি। হাইকোর্টে দাখিল করা কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। পরে হাইকোর্ট শূন্যপদ অবিলম্বে পূরণ করার নির্দেশ দেয়। আদালতে রিটের পক্ষে আইনজীবী মো. জে আর খাঁন রবিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার উপস্থিত ছিলেন।
এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট কারাগারে কর্তব্যরত চিকিত্সকদের তালিকা চান। কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, দেশে ৬৮টি কারাগারে ১৪১টি পদের বিপরীতে চিকিত্সক মাত্র ৯ জন। ২০ জন চিকিত্সককে বিভিন্ন কারাগারে পদায়ন করা হলেও ১৬ চিকিত্সক এ পর্যন্ত যোগ দেননি। সম্প্রতি আদালতে কারা কর্তৃপক্ষ ফের প্রতিবেদন দেয়। ঐ প্রতিবেদনে বলা হয়, চিকিত্সকের অনুমোদিত পদের সংখ্যা ১৪১। কর্মরত চিকিত্সককের সংখ্যা ১১২ জন (প্রেষণে ৭, সংযুক্ত ১০৫)। বর্তমানে শূন্যপদ রয়েছে ২৯।