নিরাপত্তা সংস্থার প্রতিনিধি দলের রূপপুর পারমাণবিক প্রকল্প পরিদর্শন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে সরকারের নিরাপত্তা সংস্থার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প পরিদর্শন করেন। মঙ্গলবার সকালে দুটি হেলিকপ্টারযোগে এই প্রতিনিধিদল ঈশ্বরদী আসেন। নিউক্লিয়ার পাওয়ার গ্রিড কোম্পানির উপদেষ্টা ড. রবীন্দ্রনাথ সরকার পরিদর্শনের খবর নিশ্চিত করেছেন। প্রতিনিধিদল প্রকল্পের কাজের অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন শেষে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত সমন্বিত বৈঠকে অংশগ্রহণ করেন। প্রতিনিধিদলে ছিলেন মন্ত্রী পরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল টি এম জুবায়ের, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন প্রমুখ।