আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্বামী কাজম আলী (৬৫) বাবা মৃত. আনছর আলী এবং স্ত্রী জমেলা বাবা মৃত. কালাই মিয়া। তাদের দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।

জানা যায়, নতুন ঘরের ফ্লোরে পানি দিতে বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ অফ করে তাদেরকে উদ্ধার করে। এদিকে, একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। নিহতের বাড়িতে কান্নার রোল চলছে। বিপুল সংখ্যক জনগণ নিহতদের লাশ একনজর দেখতে ভিড় করছেন।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা ঘটনা নিশ্চিত করেন। 

ইত্তেফাক/কেকে