আলজাজিরা
তালেবান যদি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে না পারে তাহলে আফগানিস্তানে ‘গৃহযুদ্ধ’ হতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি আরো বলেন, যদি তালেবান সব দলকে নিয়ে সরকার গঠন করতে না পারে অথবা সেখানে একটি গৃহযুদ্ধ শুরু হয় তাহলে তা পাকিস্তানকে প্রভাবিত করবে।
ইমরান উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে মানবিক ও শরণার্থী সংকট দেখা দিতে পারে। পাশাপাশি আফগানিস্তানের মাটি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। তিনি বলেন, সেখানে যুদ্ধ অব্যাহত থাকলে অথবা স্থিতিশীলতা ফিরে না এলে, তা হবে সন্ত্রাসের জন্য আদর্শ ঘাঁটি। অন্যদিকে আফগানিস্তানে যদি সংকট প্রকট হয় তাহলে পাকিস্তানে শরণার্থীর ঢল আসতে পারে, যা খুবই উদ্বেগের বিষয়।
একই সাক্ষাত্কারে ইমরান বলেন, আফগানিস্তানে নারীদের স্কুলে যেতে না দেওয়া হলে তা হবে ইসলামের পরিপন্থি। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের স্বীকৃতি পেতে গেলে নতুন তালেবান সরকারকে কিছু শর্ত পূরণ করতে হবে। তালেবানের নেতৃত্বে সবার অংশগ্রহণ এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানিয়েছেন তিনি।