কক্সবাজার প্রতিনিধি
রেলের আগমনে কক্সবাজার অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। বুধবার কক্সবাজার শহরের রেলের আইকনিক স্টেশন বিল্ডিং নির্মাণ স্থানে রেলমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্রাক নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।
রেলমন্ত্রী আরো বলেন, ২০২২ সালের ১৬ ডিসেম্বর দোহাজারী থেকে কক্সবাজারে রেলের যাত্রার দিন ধার্য করা হয়েছে। কক্সবাজারে রেলের যাত্রা শুরু হলে পর্যটক আগমনও বাড়বে ব্যাপক হারে। বাড়বে সব ধরনের বাণিজ্য। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধির অঞ্চল হবে কক্সবাজার। কক্সবাজার রেলের আইকনিক স্টেশনে যাত্রীদের অবস্থান করার ব্যবস্থাসহ থাকবে বিভিন্ন সুবিধা। দোহাজারী থেকে কক্সবাজার রেললাইন নির্মাণ দশটি মেগা প্রকল্পের মধ্যে একটি।