সোর্সিং বাংলাদেশ শীর্ষক ভার্চুয়াল মেলা করবে ইপিবি

ইত্তেফাক রিপোর্ট

সোর্সিং বাংলাদেশ শীর্ষক ভার্চুয়াল মেলা আয়োজন করতে যাচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। গতকাল বুধবার ইপিবির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোর্সিং বাংলাদেশ ২০২১ শীর্ষক ভার্চুয়াল মেলা ১৮ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভার্চুয়াল মাধ্যমে এ মেলা আয়োজন করা হচ্ছে। মেলা থেকে ভালো ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। মেলায় দেশি পণ্যের ছবি ও ভিডিও থাকবে। মেলায় ক্রেতা ও বিক্রেতা সরাসরি কথা বলতে পারবেন। বিনিয়োগবিষয়ক ওয়েবিনার থাকবে। ইউরোপীয় ইউনিয়ন, উত্তর ও লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ক্রেতারা যোগ দেবেন বলে জানায় ইপিবি। মেলায় ১৫০ থেকে ২০০ কোম্পানির অংশ নেওয়ার সুযোগ থাকবে। অংশ নিতে ৮৫ হাজার টাকা দিতে হবে। এ জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যেটির ঠিকানা—www.sourcing-bangladesh.com | মেলা শেষ হওয়ার ছয় মাস পর্যন্ত সব তথ্য সাইটে থাকবে।