প্রধানমন্ত্রীর এসডিজি পুরস্কারপ্রাপ্তি ইতিহাসে অনন্য অর্জন :কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ বাংলাদেশের ইতিহাসে অনন্য অর্জন হিসেবে মাইলফলক হয়ে থাকবে। গতকাল বুধবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) নানা ক্ষেত্রে সফলতা অর্জনের পর টেকসই উন্নয়নে দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের জন্য এই বিশ্ব স্বীকৃতি দেওয়া হয়েছে। 

জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করা হয়েছে। সেতুমন্ত্রী বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের পূর্ণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রিস্যাক্স ‘জুয়েল ইনদি ক্রাউন অব দি ডে’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, অর্থনীতিবিদ জেফ্রিস্যাক্স বিশ্বব্যাপী করোনা মহামারি চলাকালে ও এসডিজি অর্জনে শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার জন্য তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

করোনার অভিঘাত মোকাবিলা করে জীবন এখন স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করেছে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, অন্যদিকে বিএনপি গৃহকোণে বসে নসিহত করছে। সরকারকে ক্ষমতা থেকে সরানোর ভাঙা রেকর্ড জনগণ গত ১৩ বছর শুনে আসছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঘরে বসে বিএনপি কৃষক, শ্রমিক আর সাংবাদিকদের জন্য মায়াকান্না দেখায়।