রাজধানীর রামপুরার একটি বাসার দরজা ভেঙে লামিয়া আক্তার (১৯) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে রামপুরা বউ বাজার জামতলা হাজী সাহেবের বাড়ি চারতলার একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর তার স্বামী হূদয় ফকির পলাতক রয়েছে।
প্রাথমিক ধারণায় পুলিশ বলছে, পারিবারিক কলহে স্ত্রী আত্মহত্যার পর হূদয় হয়তো আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে গেছেন। আবার বিষয়টি আড়াল করতে কেউ হয়তো প্রথম কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে রাখতে পারে। তবে, তাকে আটক করতে পারলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
নিহতের স্বজনরা জানায়, মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার শেখ মামেত মিয়ার মেয়ে লামিয়া। ছয় মাস আগে হূদয় ফকিরের সঙ্গে তার বিয়ে হয়। স্বামীকে নিয়ে রামপুরা ঐ বাসায় এক রুমে সাবলেট থাকতেন। আর হূদয়ের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তিনি রং মিস্ত্রির কাজ করেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঐ বাসাটিতে ভাড়া থাকেন শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। তাদের কাছ থেকেই সাবলেট নেয় হূদয়। স্ত্রীকে নিয়ে সেখানে থাকছিলেন। গত চার-পাঁচ দিন আগে শহিদুল পরিবার নিয়ে তার গ্রামের বাড়ি চলে যান। তখন হূদয় ও লামিয়াই বাসাটিতে ছিলেন। গতকাল ঐ বাড়ির অন্য ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পরে দরজা ভেঙে ভেতরের একটি রুমে দেখা যায় ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো। আরেকটি রুমে দেখা যায় ঐ তরুণীর মৃতদেহটি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।