ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি করোনা ভাইরাসের টিকা কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। তবে এই টিকার সম্পূর্ণ ডোজ নিলেও কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয়দের। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে বৈঠকের একদিন পর এই ঘোষণা দিল যুক্তরাজ্য।
ব্রিটেন জানিয়েছে, কোভিশিল্ড টিকা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু ভারতের টিকা সনদপত্র নিয়ে তাদের সন্দেহ রয়েছে। এজন্য ভারতের টিকা নেওয়ার সনদপত্র দেখিয়েও লাভ হবে না। ৪ অক্টোবর থেকে জারি হতে চলা নতুন নীতি অনুসারে, ব্রিটেনে ঢুকতে চাইলে ১০ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। যুক্তরাজ্য হাই কমিশনের কর্মকর্তারা জানান, ভারত সরকারের টিকার সনদপত্র নিয়ে আলোচনা এখনো চলছে। এর অর্থ হচ্ছে স্বীকৃত ভ্যাকসিন প্রয়োগকারী দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে কোভিশিল্ডকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের নানা টালবাহানায় চরম ক্ষোভ প্রকাশ করে ভারত। কারণ, এটিই তাদের প্রধান টিকা। ভারতীয় জনগণকে এ পর্যন্ত কোভিশিল্ডের অন্তত ৭২ কোটি ডোজ দেওয়া হয়েছে। গত সপ্তাহে যুক্তরাজ্যে ভ্রমণ সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণা করে। যেখানে কিছু দেশ থেকে আগত নাগরিকদের দুই ডোজ টিকা নেওয়া থাকলে আইসোলেশনে থাকতে হবে না বলে উল্লেখ করা হয়। কিন্তু সেই তালিকায় নাম ছিল না ভারতের। এতে তীব্র প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি। ভারতীয়রা ব্রিটিশ নিয়মকে চরম বৈষম্যমূলক ও বর্ণবাদী বলে অভিহিত করেছিল। এমনকি এটি না বদলালে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছিল তারা।