স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ে তার মৃত্যু হয়। চলতি বছরের মধ্যে একদিনে এটিই সর্বনিম্ন মৃত্যু।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একদিনে করোনার উপসর্গ নিয়ে নওগাঁর এক নারীর মৃত্যু হয়েছে। এর বাইরে আর কারো মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৩৯ জনের মৃত্যু হলো। এর আগে রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত জুনে ৪০৫ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং আগস্টে ৩৬৪ জন মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন ২২ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১১৩ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ২৪০টি।