নিজ বাসায় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুন

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে (৬০) তার নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডে তার বাসা থেকে লাশ উদ্ধার করেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কোনো এক সময় মাহফুজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার বাসার দুই গৃহকর্মী পলাতক রয়েছেন। পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রসঙ্গত, ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজা চৌধুরী। এদিকে মাহফুজা’র মৃত্যুর খবর পেয়ে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানসহ আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা এবং নিহতের সহকর্মীরা ওই বাসায় যান।

পুলিশ ও প্রতিবেশী সূত্র জানায়, মাহফুজা চৌধুরী ও তার স্বামী ইসমত কাদির গামা এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের ১৫ ও ১৬ তলার একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে বসবাস করেন। তাদের দুই সন্তান গত কয়েক বছর ধরে বিদেশে বসবাস করছে। এ কারণে এ বাসায় মাহফুজা চৌধুরী ও তার স্বামী ইসমত কাদির গামা ও একজন বৃদ্ধ কাজের লোক থাকতেন। সম্প্রতি মাহফুজা ‘কাজের বুয়া প্রদান করা একটি মিডিয়ার মাধ্যমে তার বাসায় দুইজন গৃহকর্মী নিয়োগ দেন। তারা হলেন, ময়মনসিংহের রেশমা (২৮) ও বোয়ালমারির স্বপ্না। রেশমা গত জানুয়ারিতে এবং স্বপ্না ফেব্রুয়ারিতে তার বাসায় কাজে যোগ দেন। গতকাল সকাল ১০টার দিকে মাহফুজার স্বামী গামা ব্যাংকের একটি কাজে বের হন। এরপর তিনি সন্ধ্যা ৭টায় বাসায় ফিরে ডুপ্লেক্স ফ্ল্যাটের উপরের তলার (১৬ তলায়) দরজায় নক করেন। পরে তিনি নিচ তলায় (১৫ তলায়) নক করার পর বৃদ্ধ কাজের লোকটি দরজা খুলে দেন। এরপর তিনি বাসার বেডরুমে গিয়ে দেখেন বিছানার তোষক দিয়ে মোড়ানো অবস্থায় মাহফুজা পড়ে আছেন। বাসার আলমারি ও ওয়ারড্রোব এলোমেলো। নতুন গৃহকর্মী রেশমা ও স্বপ্না বাসায় নেই। তখন তিনি ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের স্বামী গামা বলছেন, তার ধারণা নতুন দুই গৃহকর্মী তার স্ত্রীকে হত্যা করে বাসা থেকে স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা লুট করেছে।

পুলিশ জানিয়েছে, মাহফুজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। পুলিশ এ তথ্য জানতে বৃদ্ধ কাজের লোকটিকে জিজ্ঞাসাবাদ করছে। এ ছাড়া পলাতাক রেশমা ও স্বপ্নাকে আটক করতে তথ্য সংগ্রহ করছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, পুলিশ বাসার সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পেয়েছে বিকাল ৫টা ৬ মিনিটে রেশমা ও স্বপ্না পালিয়ে গিয়েছে। পুলিশ ধারণা করছে বিকালের দিকে মাহফুজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রেশমা ও স্বপ্নাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, নিহত মাহফুজা চৌধুরী পারভীনের স্বামী ইসমাত কাদির গামা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। তিনি ডাকসুর সাবেক জিএস ও স্বাধীনতা উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি ছিলেন।