বিএনপি দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায় :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ যখনই এগিয়ে যায়, বিএনপির নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতি থামিয়ে দিতে চায়। তারা চায় দেশকে অস্থিতিশীল করে আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করতে। গতকাল বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে আরো বলেন, ‘করোনার স্থবিরতা কাটিয়ে জনজীবনে গতি ফিরতে শুরু করেছে। মানুষ ফিরে পেতে শুরু করেছে চিরচেনা কোলাহল আর চাঞ্চল্য। এই সময়ে আমাদের সবার রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।’

‘সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে’ মর্মে সম্প্রতি বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপিই মানুষের আশা-আকাঙ্ক্ষার কোনো মূল্য দেয়নি। আর্থসামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষের মনে আশা জাগিয়েছে, লাখ লাখ তরুণ প্রাণে স্বপ্ন জাগিয়েছে শেখ হাসিনার সরকার। সরকার বেগম জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে বন্দি করে রাখেনি, বরং বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থেকে চিকিত্সা গ্রহণের সুযোগ করে দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, আসলে বিএনপির কৃতজ্ঞতাবোধ নেই, থাকলে তারা শেখ হাসিনার ঔদার্যের কাছে কৃতজ্ঞ থাকত।

নির্বাচনে প্রতিযোগিতা না থাকার বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে প্রতিযোগিতার জন্য তো বিএনপিরও অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু মাহবুব তালুকদার তো নির্বাচনে বিএনপিকে আনতে পারেননি। মাহবুব তালুকদার নির্বাচনে ভোটারদের অনাগ্রহের কথা বলেন, অথচ এই করোনার মধ্যেও সম্প্রতি শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় ৬৯ শতাংশ। মাহবুব তালুকদারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তা না হলে তিনি একটি দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের বক্তব্য কীভাবে দেন?