বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরের ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রায় দুই শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় প্রায় ১৫ মিনিট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় নারায়ণগঞ্জ শিল্প পুলিশ তাত্ক্ষণিকভাবে সড়ক হতে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। কাঁচপুর হাইওয়ে থানার কাছে চাঁদমহল সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গতকাল এ ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিকদের ভাষ্যমতে, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। তিন মাসের বেতন-ভাতা বুধবার দুপুরে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতিমতো বেতন-ভাতা পরিশোধ না করায় গত বুধবার বিকাল সাড়ে ৪টায় কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ওপর শ্রমিকেরা টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন। কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তারা দুটি মহাসড়ক অবরোধ করে রাখেন। দুটি মহাসড়ক অবরোধ করে রাখায় কাঁচপুর সেতুর দুই প্রান্তে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বেতন-ভাতার দাবিতে গতকালও কাঁচপুর হাইওয়ে থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থান করতে থাকে শ্রমিকেরা। এক পর্যায়ে কিছু শ্রমিক রাস্তার ওপরে অবস্থান নেয় এবং কিছু যানবাহন ভাঙচুর করে। তাত্ক্ষণিকভাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ রাস্তা হতে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। কিছু সময় যান চলাচল বিঘ্ন ঘটে।
ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের সুইং সেকশনের শ্রমিক মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আমাদের বেতন বকেয়া রয়েছে। আমরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছি। নিরুপায় হয়ে আমাদের আন্দোলন করতে হচ্ছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে সিনহা গ্রুপের প্রধান ফটকের সামনে শ্রমিকরা জড়ো হতে থাকলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। হঠাত্ করে তারা চাঁদমহল সিনেমা হলের সামনে একটি টায়ার জ্বালিয়ে দেয়। পরবর্তী সময়ে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে সড়কে নেমে অবরোধের চেষ্টা করে। আমরা তাদের সরিয়ে দিয়েছি। মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে তারা আগামী বুধবার পাওনা পরিশোধ করবে বলে সময় দিয়েছে।