রাজধানীর পূর্ব রামপুরার জামতলা গলির একটি বাসা থেকে তরুণীর অর্ধগলিত লাশ এবং কুষ্টিয়ার থানাপাড়া পুরোনো বাঁধ এলাকা থেকে ৯ মাসের ছেলেসহ নারীর লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের নেতৃবৃন্দ মৃত্যুর কারণ উদ্ঘাটনপূর্বক জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানান।
বিবৃতিতে স্বাক্ষরকারী মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু বলেছেন, পরিষদ তাদের কাজের অভিজ্ঞতায় লক্ষ্য করছে যে, পারিবারিক সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সহিংসতার কারণে নারী ও শিশুরা বিভিন্নভাবে শারীরিক, মানসিক নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। কখনো কখনো আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এছাড়া বর্তমানে বাসস্থান, রাস্তাঘাট, গণপরিবহনসহ সর্বত্র নারী ও শিশু ধর্ষণ, গণধর্ষণ ও ধর্ষণের পর হত্যা, যৌন নিপীড়নসহ নানা ধরনের নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে পরিষদ নারী ও কন্যার নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন। সেই সঙ্গে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০-এর যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিকট জোর দাবি জানাচ্ছে।
পরিষদ তরুণী এবং নারী ও শিশুর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিকরণের দাবি জানাচ্ছে। সেই সঙ্গে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সারা দেশে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।