রাজারবাগ দরবার শরিফের পিরের সম্পদ অনুসন্ধানের আদেশ স্থগিত হয়নি

ঢাকার রাজারবাগ দরবার শরিফ ও এর পির দিল্লুর রহমানের স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাবের তথ্য অনুসন্ধানের হাইকোর্টের আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। দরবার শরিফের পিরের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। আবেদনের পক্ষে এম কে রহমান ও রিটকারী পক্ষে মোহাম্মদ শিশির মনির শুনানি করেন। শুনানি শেষে চেম্বার আদালত স্থগিত আবেদনটি শুনানির জন্য ২৪ অক্টোবর দিন ধার্য করে দেয়। ঐদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে ঐ আবেদনের ওপর পরবর্তী শুনানি হবে।

গত ১৯ সেপ্টেম্বর হাইকোর্ট এক আদেশে রাজারবাগ দরবার শরিফের কোনো কর্মকাণ্ডে জঙ্গি সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে নির্দেশ দেয়। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া রিট আবেদনকারী আট ব্যক্তির বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় করা একাধিক মামলার বাদী ও সাক্ষীদের বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়। এই তিনটি সংস্থাকেই দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এসব বিষয়ে অনুসন্ধান করার ক্ষেত্রে রাজারবাগ দরবার শরিফের ওপর জাতীয় মানবাধিকার কমিশনের করা অনুসন্ধান প্রতিবেদনটিকে বিবেচনায় নিতে বলা হয়।

রাজারবাগ দরবার শরিফ ও এর পিরের সম্পদ এবং ব্যাংক হিসাব তলব চেয়ে হাইকোর্টে রিট করেন আট ব্যক্তি। রিটকারীগণের দাবি, পিরের মুরিদদের দায়েরকৃত মিথ্যা মামলায় তারা হয়রানির শিকার হচ্ছেন। শুধু হয়রানির শিকারই নন, তারা বছরের পর বছর জেল খেটেছেন। শুধু সম্পদ লিখে না দেওয়ায় তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেশের বিভিন্ন জেলায় করা হয়েছে।