বগুড়ার নন্দীগ্রামে মানসিক প্রতিবন্ধী ছোট ভাই মোকছেদ আলীর (২৩) লাঠির আঘাতে বড় বোন আজমী আরা (৪২) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মানসিক প্রতিবন্ধী মোকছেদ আলীকে বাড়িতেই বেঁধে রাখা হয়েছে।
নিহত আজমী আরা ও মানসিক প্রতিবন্ধী মোকছেদ আলী বীরপলি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে-মেয়ে। আজমী আরা একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, মোকছেদ আলী মানসিক প্রতিবন্ধী হওয়ায় গত ৫ বছর ধরে একই গ্রামে তার বড় বোনের বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। শুক্রবার তাকে গোসল করানোর জন্য বড় বোন আজমী আরা কিছু সময়ের জন্য শিকল খুলে দিয়ে সংসারের কাজ করছিলেন। মোকছেদ আলী এই সুযোগে একটি মোটা লাঠি নিয়ে বড় বোনের মাথায় আঘাত করে। এতে বড় বোন আজমী আরা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যায়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি। মোকছেদ আলী মানসিক প্রতিবন্ধী ছিলো। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম