নিখোঁজের ৫ দিন পর রংপুরের পীরগাছায় ফিরোজ মিয়া ফ্রেস (২২) নামের এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি নির্মাণাধীন গুচ্ছগ্রাম থেকে পুলিশ মাটি চাপা অবস্থায় তার লাশ উদ্ধার করে। ফিরোজ মিয়া উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলা পাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে।
এলাকাবাসী ও স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ফ্রেসের কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে শনিবার পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেন ফ্রেসের বাবা। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি নির্মাণাধীন গুচ্ছগ্রামে মাটি চাপা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরো পড়ুন : খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনই যুবলীগ-ছাত্রলীগ নেতা
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন- উপজেলার কাবিলাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে টিপু (২৬), মৃত আওয়াল মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫), মতিল চৌকিদারের ছেলে সুলতান হোসেন ও পাশের দোয়ানী গ্রামের নুর মোহাম্মদের ছেলে জাহিদুল ইসলাম(২৪)।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে।
ইত্তেফাক/ইউবি