বাংলাদেশ টেবিল টেনিস জাতীয় দলের জার্সি উন্মোচন করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্টনস্হ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনে এ উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়।
ফুটবল ক্রিকেটের পরেই টেবিল টেনিস দেশের জনপ্রিয় খেলা উল্লেখ করে বক্তারা বলেন, ‘বাংলাদেশে টেবিল টেনিস একটি উজ্জ্বল সম্ভাবনাময় খেলা। খেলাটির জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য কম নয়। তবে খেলাটিকে সামনের দিকে আরও এগিয়ে নিতে দরকার নিবিড় পরিচর্যা আর পৃষ্ঠপোষকতা।’
সভাপতির বক্তব্যে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর বলেন, আমাদের সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ অনেক। তবুও আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটা দিয়ে খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
আগামী ২৮ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর পর্যন্ত কাতারের দোহায় ২৫তম এশিয়ান চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দল অংশগ্রহন করবে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক, বাংলাদেশ গ্রাম ও আনসার প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক খন্দকার ফরিদ হাসান ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনূর।
ইত্তেফাক/এসআই