রয়টার্স
করোনা মহামারি শুরুর পর থেকে প্রথম বারের মতো দক্ষিণ কোরিয়ায় এক দিনে শনাক্ত ৩ হাজার ছাড়িয়েছে। তিন দিনের ছুটি শেষে করোনা শনাক্তের এই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে বলে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা কেডিসিএ (কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি) জানিয়েছে।
শনিবার কেডিসিএ জানায়, নতুন করে দেশটিতে ৩ হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগের দিন শনাক্ত হয় ২ হাজার ৪৩১ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৮ হাজার ৪০২ জনে।
গত বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় প্রথম করোনা শনাক্ত হয়। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৪১ জনের। মৃত্যুহার শূন্য দশমিক ৮২ শতাংশ। দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ জানায়, গত সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশটিতে শরত্কালীন উত্সব উপলক্ষ্যে তিন দিনের সরকারি ছুটি ছিল। লাখ লাখ মানুষ ছুটি শেষে ঘরে ফেরার পরই মূলত করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ছুটিজনিত লোকসমাগমের কারণে সংক্রমণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা। দক্ষিণ কোরিয়ায় ৫ কোটি ২০ লাখের বসবাস। এর মধ্যে প্রায় অর্ধেকই বসবাস করেন সিউল ও তার আশপাশের জেলাসমূহে। দেশটির মোট আক্রান্তের ৭৭ শতাংশই সিউলে। সিউলে শনাক্তের সংখ্যাও প্রথম বারের মতো ১ হাজার ছাড়িয়েছে।