১৩৭ পণ্য সৌদি বাজারে প্রবেশের জন্য শুল্কমুক্ত সুবিধা চাওয়া হয়েছে

ইত্তেফাক রিপোর্ট

বর্তমানে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের (১১ হাজার কোটি টাকা) বাণিজ্য হয়। এ বাণিজ্যের পরিমাণ বাড়ানোর জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে ১৩৭টি পণ্য শুল্কমুক্ত প্রবেশ সুবিধা চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি আরব থেকে ফিরে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সৌদি-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। উপদেষ্টা সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে অনুরোধ জানালে সৌদি বাণিজ্যমন্ত্রী ইতিবাচক মতামত প্রদান করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ তহবিলের আওতায় ও বাংলাদেশে ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ ও কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।

সৌদি সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকে সালমান এফ রহমান বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করেন। পাশাপাশি সৌদি বিনিয়োগকারীদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্ধারণ করার প্রস্তাব দেন। সৌদি বিনিয়োগ মন্ত্রী বাংলাদেশের এ প্রস্তাবকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ব্যবস্থায় সৌদি বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে খসড়া সমঝোতা স্মারকটি চূড়ান্ত করার জন্য অনুরোধ করেন। উপদেষ্টা আরো বলেন, সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলে বাংলাদেশের অবকাঠামোসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগের সুযোগ প্রসারিত হবে। এ সময় সৌদি বিনিয়োগ মন্ত্রী জানান যে, সমঝোতা স্মারকটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা দ্রুত স্বাক্ষর হবে বলে তিনি প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) সুলতানা আফরোজসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।