ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬২টির বা ৪২ দশমিক ৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে প্যাসিফিক ডেনিমসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে প্যাসিফিক ডেনিমসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪ দশমিক ৬০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮ দশমিক ২০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৬০ টাকা বা ২৪ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্যাসিফিক ডেনিমস ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২০ দশমিক ৮০ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৯ দশমিক ৪৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ১৭ দশমিক ৮৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১৭ দশমিক ২৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৬ দশমিক ৪৩ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১৬ দশমিক ৩৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৬ দশমিক ০৩ শতাংশ, আমরা টেকনোলজিসের ১৩ দশমিক ৭৬ শতাংশ এবং রূপালী ইনসিওরেন্সের শেয়ার দর ১৩ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।