ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে। এ সপ্তাহে উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক সামান্য বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তারপরও বিনিয়োগকারীরা আড়াই হাজার কোটি টাকা ফিরে পেয়েছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৭৪ হাজার ৪৭৫ কোটি ৩৪ লাখ ৫১ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৭৭ হাজার ৩৬ কোটি ৫৮ লাখ ২৮ হাজার টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের ২ হাজার ৫৬১ কোটি ২৩ লাখ ৭৭ হাজার টাকা বাজার মূলধন ফিরেছে।
বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ হাজার ৭০৯ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৮১১ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১ হাজার ১২২ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার ৮০৬ টাকার। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১ হাজার ৪১২ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৯৯৫ টাকা বা ১৩ শতাংশ কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৫০ দশমিক ৬০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮১ দশমিক ০৫ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৭৩ দশমিক ৫৬ পয়েন্টে।
বিদায়ি সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬২টির বা ৪২ দশমিক ৮৬ শতাংশের, কমেছে ১৯৮টির বা ৫২ দশমিক ৩৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির বা ৪ দশমিক ৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ি সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৮০ লাখ ৪০৭ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪০৬ কোটি ৫০ লাখ ৬১ হাজার ২৪৩ টাকার। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮০ কোটি ৭০ লাখ ৬০ হাজার ৮৩৬ টাকা বা ২০ শতাংশ কমেছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ১৪৬ দশমিক ০৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ ও সিএসআই ৭ দশমিক ৩৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৬৮৭ দশমিক ২১ পয়েন্টে ও ১ হাজার ৩৪৯ দশমিক ৫০ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ১২৯ দশমিক ৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ ও সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৩১ দশমিক ৯১ পয়েন্টে ও ১ হাজার ৫৪৫ দশমিক ৯১ পয়েন্টে।
সপ্তাহ জুড়ে সিএসইতে ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৯টির বা ৪৩ দশমিক ৫৭ শতাংশের দর বেড়েছে, ১৭৯টির বা ৫২ দশমিক ৩৪ শতাংশের কমেছে এবং ১৪টির বা ৪ দশমিক ০৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।