দৌলতপুরে সাংবাদিককে হাতুড়ি পেটা!

কুষ্টিয়ার দৌলতপুরে এক সাংবাদিককে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। আহত সাংবাদিক দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম এ রাজ্জাক (৪৫)। তিনি নিজ বাড়ির সামনে এ হামলার শিকার হন। বর্তমানে তিনি দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন। 

দৌলতপুর থানা পুলিশ ও আহত সাংবাদিকের পরিবার জানায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে মানিকদিয়ার গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন তিনি। বাড়ির কাছে পৌঁছালে ওৎ পেতে থাকা ৪/৫ জন দুর্বৃত্ত তাকে হাতুড়ি ও রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর স্বজনরা তাকে দ্রুত দৌলতপুর হাসপাতালে নিয়ে যান।

দৌলতপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিগার সুলতান জানান, এম এ রাজ্জাকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় রডের আঘাতের চিহ্ন রয়েছে।

আরো পড়ুন: ৩৬ বছর বয়সী নারীর বিরুদ্ধে ৯ বছরের বালককে ধর্ষণের অভিযোগ

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং কিছু আলামত উদ্ধার করেছে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
এদিকে সাংবাদিক এম এ রাজ্জাকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা প্রতিবাদ জানিয়েছেন দৌলতপুরের কর্মরত সাংবাদিকরা।ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

ইত্তেফাক/অনি