মুন্সীগঞ্জ প্রতিনিধি
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, ‘ পরিকল্পনা আছে মাওয়ায় পদ্মা সেতু এলাকায় সোনারগাঁ হোটেল এক্সটেনশন করার। সোনারগাঁ হোটেলের এমডির সঙ্গে আমার কথা হয়েছে। তাদেরও এ ধরনের একটি পরিকল্পনা আছে। এর বাইরেও পর্যটন শিল্পের জন্য এখানে কিছু একটা করতে হবে। যেহেতু এখানে পদ্মা ব্রিজ, রিভার অ্যান্ড ট্যুরিজমসহ অনেক কিছু করার সুযোগ আছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে চেষ্টা অব্যাহত থাকবে। দেশি-বিদেশি পর্যটক বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচ্যের ভ্যানিস হিসেবে খ্যাত আমাদের বরিশাল। যাতে বিদেশি পর্যটকরা এসে সেই সৌন্দর্য উপভোগ করতে পারে, সেই দিকে দৃষ্টি রেখে প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে হাত দিয়েছেন।’ তিনি গতকাল মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাতঘড়িয়ার ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন শেষে এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, কিশোরগঞ্জের এমপি নূর মোহাম্মদ, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের মিয়া, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, ডাচ ডেইরি ফার্মের এমডি মো. জিল্লুর রহমান মৃধা রিপন প্রমুখ।