সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে একটি ঘরের জন্য ড্রেন নির্মাণ করতে না পারায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এতে এলাকাবাসী নানা দুর্ভোগের শিকার হচ্ছে। ড্রেনের অভাবে পানি আটকে থাকায় এলাকাবাসীর চলাচলে দুর্ভোগের পাশাপাশি ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এদিকে ঐ ঘর সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদার বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সরিয়ে নিচ্ছেন না ঘরের মালিক। উলটো ঠিকাদারসহ এলাকাবাসীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দিয়ে হয়রানি করছেন ঘরের মালিক। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত কদমতলী এলাকার আদমজী কবরস্থানের দক্ষিণ পাশে ১০ ফুট প্রস্থে ৭০০ ফুট দৈর্ঘ্যে চলতি বছর একটি আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ শুরু করে। বর্তমানে কাজের বেশ খানিকটা সম্পন্ন করলেও মাঝখানে একটি বাড়ির কাছে এসে কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। ঐ বাড়ির একটি ঘর সরিয়ে না নেওয়ায় গত ছয় মাস ধরে ড্রেনের কাজ বন্ধ রয়েছে। এতে ঐ স্থান ময়লা পানি ও আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে সিটি করপোরেশনের লোকজন গত মঙ্গলবার মালিককে রাস্তার ওপর নির্মাণ করা ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘরের মালিক ও তাঁর ছেলে এলাকাবাসীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এই খবরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রায় অর্ধশত এলাকাবাসী তাদের বিরুদ্ধে জমি দখলের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। তবে তারা এ অভিযোগ অস্বীকার করেন। সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী নাজমুল জানান, ঘর সরিয়ে নেওয়ার জন্য বারবার বলা হয়েছে। এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সহায়তা চাওয়া হয়েছে। ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা জানান, ঘরের মালিক আয়েশা বেগমকে ড্রেনের জন্য বারবার তাগাদা দিয়েও কাজ হয়নি। আগামী ১০ দিনের মধ্যে ঘর সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। জনসাধারণের দুর্ভোগ লাগবের জন্য ড্রেন নির্মাণ করা হচ্ছে।