ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টির নাম, পদ-পদবি ব্যবহার এবং নবীনগরে বিদিশা ও কাজী মামুনের আগমনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় নবীনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধনটির আয়োজন করে নবীনগর উপজেলা জাতীয় যুব সংহতি ও অঙ্গ সংগঠন।
উপজেলা যুব সংহতির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন বলেন, নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজী মামুন অবৈধভাবে জাতীয় পার্টির সম্পর্কীয় বিলবোর্ড, পোস্টার লাগিয়ে বেড়াচ্ছে। কিন্তু কাজী মামুনকে দীর্ঘদিন পূর্বেই দল থেকে বহিষ্কার করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। অথচ কাজী মামুন নিজেকে জাতীয় পার্টির মহাসচিব পরিচয় দিয়ে বেড়ায়।
অন্যদিকে নবীনগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ টি এম আবদুল্লাহ বলেন, নবীনগরে কাজী মামুন ও বিদিশার কোনো ঠাঁই হবে না। নবীনগরে জাতীয় পার্টিরসহ অঙ্গসংগঠনের নেতারা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তাছাড়া বিদিশা হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী হওয়ায় বিভিন্নস্থানে এরশাদের নাম ব্যবহার করে অপকর্ম করে আসছেন। যা জাতীয় পার্টি ও দলের নেতাদের ভাবমূর্তি নষ্ট করছে।
পরিশেষে নবীনগর জাতীয় পার্টিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজী মামুন ও বিদিশাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতিন সরকার, মনির হোসেন, জামাল, হারুন মিয়া, লাকি আক্তার, মায়া বেগমসহ উপজেলা জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি গনি শাহ (রহ) মাজার প্রাঙ্গণে ৫ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনূর রশিদের সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কাজী মো. মামুনূর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে নবীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বি.এল.ডি.পি চেয়ারম্যান নাজিমউদ্দিন আল আজাদ, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দীকি, জাতীয় গণতান্ত্রিক মানবিক পার্টি চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ।