রংপুরে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে ডিবি পুলিশ কর্মকর্তা খুন

রংপুরের হারাগাছে ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পেয়ারুল ইসলাম মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়ে খুন হয়েছেন। গতকাল শনিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পেয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়েনের পাড়ামৌলা গ্রামের বাসিন্দা। তিনি ২০১২ সালে পুলিশে যোগদান করেন। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় কর্মরত ছিলেন। তার স্ত্রীসহ দুই সন্তান রয়েছে। মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মো. সাজ্জাদ হোসেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) জানান, গত শুক্রবার রাতে কাউনিয়া উপজেলার হারাগাছের সাহেবগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীকে ধরতে যান এএসআই পেয়ারুল ইসলাম। থানাধীন বাহার কাছনা তেলিপাড়া আহলে হাদিস জামে মসজিদের পিছনে রাস্তার ওপর মো. পারভেজ রহমান (২৬) নামে ঐ মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করতে গেলে মাদক ব্যবসায়ী তার হাতে থাকা ছুরি দিয়ে এএসআই পেয়ারুলের বাম পাঁজরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাত্ক্ষণিকভাবে এএসআই পেয়ারুলকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিত্সার ব্যবস্থা করা হয়। শনিবার সকালে কর্তব্যরত চিকিত্সক এএসআই পেয়ারুলকে মৃত ঘোষণা করেন। মাদক ব্যবসায়ী মো. পারভেজ রহমানকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হারাগাছ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।