গত শুক্রবার রাতে নেত্রকোনায় রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের ধাক্কা লাগলে চালকসহ পিকআপের তিন আরোহী নিহত হন। মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান দুই ব্যক্তি। এছাড়া গতকাল শনিবার নওগাঁর মান্দায় এক কিশোরী ও শুক্রবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জে একজন ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হন।
নেত্রকোনা প্রতিনিধি জানান, শুক্রবার রাত ৩টার দিকে নেত্রকোনা সদর উপজেলার বাগড়া বাজার এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে একটি মাছভর্তি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ তিন জন নিহত এবং দুই আরোহী আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন—সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জিংলিগড়া গ্রামের মাছ ব্যবসায়ী রনি মিয়া (২০) ও তোফাজ্জল মিয়া (১৪) এবং চালক নেত্রকোনার বারহাট্টার চন্দ্রপুর গ্রামের আবুচান মিয়া (২৮।) আহতরা হলেন— জিংলিগড়া গ্রামের জনি মিয়া (১৪) ও আনোয়ার মিয়া (১৭)। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের পর শনিবার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর প্রতিনিধি জানান, শুক্রবার রাত ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বীজ ফার্মের দ্বিতীয় গেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াহিয়া (৬৫) ও রাব্বি হোসেন (২১) নামে দুই জন মারা গেছেন। আহত হয়েছেন আরো দুই তরুণ বাইকার।
নিহত ইয়াহিয়া কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামের গোলাম হোসেন মাস্টারের ছেলে এবং রাব্বি মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। আহতরা হলেন—চাঁদবিল গ্রামের সাগর (১৮), গোভীপুর গ্রামের ইমরান (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি, সাগর, ইমরানসহ পাঁচ-সাত জন তরুণ মোটরসাইকেল রেস করে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে মেহেরপুর থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধি ইয়াহিয়া চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। পথিমধ্যে আমঝুপি বীজ ফার্মের দ্বিতীয় গেট সংলগ্ন এলাকায় প্রথমে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আরো একটি মোটরসাইকেল সেখানে এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইয়াহিয়ার মৃত্যু হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যালে রেফার করা হয়। রাজশাহীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মেহেরপুর-চুয়াডাঙ্গা হাইওয়েতে প্রায়ই উঠতি বয়সি তরুণরা উচ্চ গতিসম্পন্ন মোটরসাইকেল নিয়ে রেস করে। এতে প্রায়ই দুর্ঘটনায় হতাহত হন অনেকে। মেহেরপুর সদর থানার ওসি শাহ শাহ দারা খান জানান, দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তরুণ বাইকারদের রেস বন্ধে বিকাল থেকে অভিযান শুরু হবে।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় খুশি আক্তার নামে এক কিশোরী নিহত হয়েছে । শনিবার দুপুর ২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত খুশি আক্তার উপজেলার শ্রীরামপুর গ্রামের দুলাল হোসেনের মেয়ে। মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, খুশি দাঁতের চিকিত্সার জন্য তার পরিবারের সঙ্গে অটোরিকশায় চড়ে রাজশাহীতে যাচ্ছিলেন। মান্দায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে খুশি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, শুক্রবার রাতে সুনছড়া চা-বাগানের ব্যবসায়ী তাজউদ্দীন মোটরসাইকেলযোগে যোগিবিল গ্রামে যাওয়ার সময় যোগিবিল চৌমুহনা এলাকায় সড়কের পাশে গাছের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তাজউদ্দীন গুরুতর আহত হন। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যালে নিয়ে যাবার পথে তিনি মারা যান।