মেসির কাছে পেলের দুঃখ প্রকাশ

কোনো ফুটবলার তার রেকর্ড ভাঙলে অভিনন্দন জানাতে ভুলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে বেশ সরবই থাকেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। কিছুদিন আগেই তাকে টপকে লাতিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলের মালিক হন লিওনেল মেসি (৭৯ গোল)। কিন্তু এনিয়ে তাৎক্ষণিক অভিনন্দন জানাতে দেখা যায়নি পেলেকে। 

দেখা যাবেই বা কী করে, অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের বাইরের খোঁজ খবর রাখাই তো মুশকিল হয়ে গিয়েছিল তার। তবে তাই বলে মেসির কথা ভুলে যাননি ব্রাজিলের হয়ে ৭৭ গোল করা এই ফুটবলার। দেরী হওয়ার জন্য দুঃখপ্রকাশ করে ঠিকই জানিয়েছেন অভিনন্দন বার্তা। 

ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘দেরী করায় দুঃখিত মেসি। যাই হোক চলতি মাসের শুরুতে আরেকটি রেকর্ড ভাঙার জন্য তোমাকে অভিনন্দন জানানোর সুযোগ হাতছাড়া করতে চাইনি। ফুটবল খেলায় অসাধারণ প্রতিভা তোমার! আশা করি পিএসজিতে আমার বন্ধু কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের পাশে থেকে তুমি আরও অনেক কিছু অর্জন করবে।’

ইত্তেফাক/এসআই