গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে গোবিন্দ হালদারের জালে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি হয়। রবিবার ভোররাতের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের দুই কিলোমিটার ভাটিতে চর কর্নেশন এলাকা থেকে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার দুলাল মত্স্য আড়তে আনলে, সেখান থেকে উন্মুক্ত অকশনের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ চান্দু মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ১০০ টাকা দিয়ে কিনে নেন। মত্স্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি মত্স্য আড়তে নিয়ে এলে আমি সেখান থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে কিনে নেই। ইচ্ছা আছে কেজিপ্রতি ১০০ টাকা লাভে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করব। বিক্রির জন্য মোবাইলের মাধ্যমে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ‑