প্রত্যেক উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণের কাজ শেষ পর্যায়ে :স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

দেশের প্রতি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।                  গতকাল রাজধানীর মিরপুর ফায়ার সার্ভিস  ট্রেনিং কমপ্লেক্সে ৪১তম ব্যাচের অফিসার্স ফাউন্ডেশন কোর্সের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। কুচকাওয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিসিএস নন-ক্যাডারের সুপারিশ অনুযায়ী ফায়ার সার্ভিস অধিদপ্তরের যোগ দেওয়া স্টেশন অফিসারসহ মোট ৪৪ জন অফিসারের প্রশিক্ষণ সমাপ্তি শেষে তাদের পদায়নের আগে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ক্ষমতা গ্রহণের আগে দেশে ফায়ার স্টেশন ছিল মাত্র ২০৪টি। এখন সারা দেশে চালু ফায়ার স্টেশন ৪৫৬টি। চলমান প্রকল্পগুলো শেষ হলে ফায়ার স্টেশনের সংখ্যা হবে ৫৬৫টি ও জনবলের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১৬ হাজার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী এ জনবলকে ২৫ হাজারে উন্নীত করার জন্য ফায়ার সার্ভিসের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুন্সীগঞ্জের গজারিয়ায় ১০০ একর জমি নেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি’ করার জন্য।