ইত্তেফাক রিপোর্ট
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগ বিগত ১২ বছর ধরে একটানা ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সময়ে সকল ক্ষেত্রে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সারা পৃথিবীতে যা প্রশংসিত হচ্ছে। ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে সঠিক পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ পেয়েছেন। কিন্তু উন্নয়নের এই অগ্রযাত্রাকে বিএনপি ও স্বাধীনতাবিরোধী শক্তি বাধাগ্রস্ত করতে চায়। তারা অতীতের মতো এখনো অপতত্পরতায় ও ষড়যন্ত্রে লিপ্ত।
গতকাল রবিবার টাঙ্গাইলের জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, আমরা উন্নয়নের এ ধারাকে ধরে রাখতে চাই। এটি করতে হলে আগামী দিনেও আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে। দলের জন্য আগামী দিনের নেতৃত্ব তৈরি করতে হবে। সেজন্য তরুণ ও শিক্ষিত মেধাবীদের দলে বেশি করে সুযোগ দিতে হবে, তাদের হাতে দলকে তুলে দিতে হবে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপির সঞ্চালনায় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, ছোট মনির এমপি, ছানোয়ার হোসেন এমপি, হাসান ইমাম খান এমপি প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।