ইত্তেফাক রিপোর্ট
সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে অবৈধ দোকান নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মার্কেটের ব্যবসায়ী সমিতি। গতকাল শনিবার রাজধানীর ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় এ দাবি জানানো হয়। সভায় ৮ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, অবৈধ দোকান নির্মাণ করে একটি চক্র বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিয়ন্ত্রণাধীন মার্কেটটিতে আগামী এক মাসের মধ্যে নির্বাচন করার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। মো. আজিজুল হক দুলালকে প্রধান নির্বাচন কমিশনার ও আনোয়ারুল আলমকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন খায়রুল ইসলাম রুবেল, ফারুক ও মোস্তাক আহম্মেদ। সভায় আরো বক্তব্য দেন মহানগর শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান আবদুর রহমান, আরিফুর রহমান আরিফ, আলম মৃধা, রফিকুল ইসলাম মনির, হোসেন মনির, আলী আকবর, শাহ আলম ও ফারুক আহমেদ প্রমুখ।